নীলফামারীর সৈয়দপুরে মসজিদের পেছনের দেয়াল কেটে (সিঁধ কেটে) চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর নাজিমুদ্দিনপাড়া বাইতুর রহমত জামে মসজিদে ওই চুরির ঘটনা ঘটে।
এ সময় মসজিদ থেকে নতুন আইপিএস, মাইকের মেশিন ও ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
মসজিদ কমিটির সদস্য নাঈম জানান, বৃহস্পতিবার এশার নামাজ আদায়ের পরও রাত ২টা পর্যন্ত মসজিদের আশপাশে লোকজনের উপস্থিতি ছিল। তবে শুক্রবার (৩০ অক্টোবর) ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের পেছনের অংশে সিঁধ কাটা দেখতে পান তারা। পরে মসজিদের নতুন আইপিএস, মাইকের মেশিন ও ব্যাটারি খুঁজে পাওয়া যায়নি।
মসজিদের সভাপতি আহমদ আলী সরকার জানান, মসজিদটি টিনশেডের। মহল্লাবাসীর দান ও সহযোগিতায় মসজিদটি পরিচালিত হয়ে আসছে। এলাকার মানুষ অনেক কষ্ট করে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নতুন আইপিএস, ব্যাটারি ও মাইকের মেশিন কিনেছিলেন। কিন্তু রাতের আঁধারে সবকিছু চুরি হয়ে গেছে। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মসজিদের ইমাম হাফেজ মো. মোরসালিন বলেন, ‘‘একটি মসজিদের জন্য আইপিএস, ব্যাটারি ও মাইকের সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









