নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) সকালে লালপুর আমলি আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি দ্বাড়ীকুসি গ্রামের আলামিন (৩৮) ও গুরুদাসপুর পৌরসভার খামার নাচকৈড় এলাকার আনিছুর রহমান (৪২)। শুক্রবার ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। মামলায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মিন্টুর তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করলেও শুনানি ছাড়াই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাতে ঢাকায় মারা যান তিনি। এ ঘটনায় তার বাবা রবিউল ইসলাম ১৯ অক্টোবর থানায় মামলা করেন। শাকিলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এদিকে শাকিল হত্যাকাণ্ড ও সংসদ সদস্য আব্দুল আজিজের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নাটোর জেলা বিএনপি শুক্রবার দীর্ঘ বৈঠক করেও তাঁর সাংগঠনিক পদ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
গত বৃহস্পতিবার নিহত শাকিলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তাঁরা অপরাধী যে-ই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









