ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এ উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে আগামী ৩ নভেম্বর যৌথ প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সদর ও বিজয়নগর উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড কমিটির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এ আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলার অন্যান্য থানা ও পৌর কমিটিকেও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসরণ করে ৭ নভেম্বর যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রস্তুতি সভায় দিবসটি পালনের কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









