জাতীয় স্বার্থে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে পৌঁছাতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
গণতন্ত্র সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে বিরোধী দলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে।
ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে সবার জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









