ময়মনসিংহের ত্রিশালে বাগান ইসলামিয়া আলিম মাদরাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল ও আব্দুল আউয়াল ফরাজী, মাদরাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমদাদুল হক, মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম মোস্তাক সোহেল এবং ত্রিশাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, শিক্ষার্থীদের সময়ের মূল্য দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









