উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। এ বছর কলেজটি থেকে ১ হাজার ৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ সাফল্য উঠে আসে। কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ায় একজন শিক্ষার্থী সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর বাকি পরীক্ষাগুলো দিতে পারেননি। ফলে একজন অকৃতকার্য হন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জনের সবাই পাস করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। মানবিক বিভাগে ৩১১ জনের সবাই পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, ফল প্রকাশের আগে কিছুটা ভয় কাজ করলেও নিজের ও সহপাঠীদের ভালো ফলাফলের প্রত্যাশা ছিল। এ সাফল্যের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের নিয়মিত তদারকি ও পরিশ্রম রয়েছে।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার নির্দেশনায় নিয়মিত ও বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা এবং গাইড শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান করা হয়েছে। একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষা শেষ করতে না পারায় শতভাগ পাসের অর্জন হয়নি।
কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা এ সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এ অর্জন শুধু কলেজের নয়, পুরো নরসিংদীবাসীর। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









