স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সংকট মোকাবিলা করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে। বিএনপির কেউ আওয়ামী লীগকে জায়গা দিলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মির্জা আব্বাস আরও দাবি করেন, ‘তথাকথিত বিরোধী দল’ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় ঐক্য বজায় রাখতে তিনি তাদের প্রতি আহ্বান জানান।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালামও বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানান। তিনি বলেন, লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









