উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুর জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ (৭ জন), মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ (৫ জন) এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ (৪ জন)।
কোনো শিক্ষার্থী পাস না করায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, নিয়মিত শ্রেণিকার্যক্রম না হওয়া, শিক্ষক সংকট এবং তদারকির অভাবেই এমন বিপর্যয় ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্যের কোঠায় নেমে আসার বিষয়টি জেলা প্রশাসন অবগত আছে। দ্রুতই ঘটনাটির সার্বিক তদন্ত করে শিক্ষা বোর্ডে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে এবং তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









