‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘‘দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। যুবকরাই আগামী দিনের দেশের চালিকাশক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের দক্ষতা বাড়াতে হবে।’’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার। এ সময় বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে ঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









