বই মানুষের চিন্তাকে সমৃদ্ধ করে, আলোকিত করে সমাজকে। সেই আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাটোরের সিংড়ার সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা ও গ্রন্থাগার আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি পেয়েছেন ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা।
রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন–২০২৬-এ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি সিংড়া প্রেস ক্লাবের সভাপতি, রানা প্রকাশনীর প্রকাশক এবং রানানগর পাঠাগারের প্রতিষ্ঠাতা।
শনিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী রংপুর শিল্পকলা একাডেমিতে বজলুর রহমান গ্রন্থাগারের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রংপুর বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং দিনাজপুরের কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসসহ রংপুরের বিশিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে পাঠাভ্যাস বিস্তার, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকতার পাশাপাশি এমরান আলী রানা দীর্ঘদিন ধরে প্রকাশনা ও পাঠাগারকেন্দ্রিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। রানা প্রকাশনী ও রানানগর পাঠাগারের মাধ্যমে বই ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে কাজ করছেন তিনি। তাঁর এ উদ্যোগের স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মাননা সিংড়ার সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও পাঠকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ স্বীকৃতি তাকে পাঠাগার আন্দোলন ও বই পড়ার সংস্কৃতি বিস্তারে আরও উৎসাহিত করবে। তার উদ্যোগে নতুন প্রজন্ম বইয়ের প্রতি আগ্রহী হবে এবং সমাজে জ্ঞানচর্চার পরিসর আরও বিস্তৃত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









