তরুণদের দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বানের মধ্য দিয়ে বরিশালে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে নগরীতে র্যালি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথিরা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণদের মেধা ও কর্মদক্ষতা কাজে লাগাতে আত্মকর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়াতে হবে।
সভায় বক্তারা বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চানসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









