কেক কাটা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্য দিয়ে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে মহেশপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন এবং ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি। এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, মাদক ও চোরাচালান দমনে ৫৮ বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ নভেম্বর তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৮ বিজিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









