‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাটে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মধ্যে ক্রেস্ট ও আত্মকর্মসংস্থানের জন্য যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম সভা সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবকদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ক্রেস্ট এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









