‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীর সৈয়দপুরে র্যালি আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তকলিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত চারজন যুবক-যুবতীর মধ্যে মোট ৩ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।
বক্তারা বলেন, দক্ষ যুবসমাজ একটি দেশের অন্যতম সম্পদ। যুবকদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের প্রতিটি অর্জনে যুবসমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তরুণদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে যুবকেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনি রানা ও মোরশেদুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সৈয়দপুর ইউনিটের যুব শাখার দলনেতা আহসান হাবিব জনি, সামিউল আলিম, জেবা, রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকার যুবকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









