বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা ও চাচা শ্বশুর রাকিব প্যাদার বিরুদ্ধে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে ওই নববধূকে বাজারে নিয়ে যান ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান ও রাকিব প্যাদা মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ওই নারী।
ঘটনার পর বিচারের আশায় গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। পরবর্তী সময়ে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
মামলাটি গ্রহণ করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের একটি দল।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









