ঢাকার ধামরাইয়ে বাকপ্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাত ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণে অংশ নেয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









