মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।
আন্দোলনের ফলে পোশাক শিল্প এলাকা আশুলিয়া, সাভার ও গাজীপুরের তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কালখানা ছুটি ছিল। এদিকে গাজীপুরে ছুটি ছিল শতাধিক কারখানা।
পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। তাদের আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের ১৭৭টি তৈরি পোশাক কারখানায় আজকের (রবিবার) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে সরকার মজুরি বোর্ড গঠনের পরও এ ধরনের বিক্ষোভের পেছনে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশের ওই কর্মকর্তা।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশ-২ এর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত শতাধিক কারখানা ছুটি ছিল আজ। অন্য কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদক হয়েছে।
আগামীকাল সোমবার সব কারখানা খোলা থাকবে এবং উৎপাদন স্বাভাবিক থাকবে বলে আশা ব্যক্ত করেন শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









