এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিতু। এবারের পরীক্ষায় উপজেলার সব কলেজ ও মাদরাসার মধ্যে মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী সে।
রিতুর এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। তবে শুধু ভালো ফলাফল অর্জনেই থেমে থাকতে চায় না সে। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখে রিতু। এ স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চেয়েছে মেধাবী এই শিক্ষার্থী।
কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন বলেন, “রিতু একাডেমিক পড়াশোনার পাশাপাশি কলেজের সহশিক্ষা কার্যক্রমেও বেশ ভালো করত। তার ইচ্ছাশক্তি, একাগ্রতা ও পড়াশোনার প্রতি আন্তরিকতা দেখে আমরা আগেই ধারণা করেছিলাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করবে। তার এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।”
নিজের অনুভূতি প্রকাশ করে রিতু বলে, “আমার এই অর্জনের পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অপরিসীম। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
রিতুর বাবা মো. ফরিদ বলেন, “আমার মেয়ে অনেক পরিশ্রম করেছে। তার শিক্ষকরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। সবার প্রচেষ্টায় আজ সে এই সাফল্য অর্জন করেছে। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।”
রিতুর এ সাফল্যে গর্বিত শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার স্বপ্ন পূরণ হোক রিতুর—এমন প্রত্যাশা সবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









