বলিউডের ‘কিং’ শাহরুখ খানের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনায় মুখর মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাড়ি ‘মান্নাত’। প্রিয় তারকাকে একনজর দেখতে মধ্যরাত থেকেই বাড়ির সামনে ভিড় জমান হাজারো ভক্ত। কেউ ফুল, কেউ ব্যানার-পোস্টার নিয়ে হাজির হন। ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে তাদের উদ্দেশে বিশেষ বার্তাও দিয়েছেন বলিউড বাদশাহ।
ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে সাজানো হয় বিভিন্ন পোস্টার ও ব্যানার। সেগুলোর একটিতে ভক্তদের উদ্দেশে শাহরুখের লেখা বার্তা ছিল, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’
শাহরুখের জন্মদিন উদ্যাপন শুধু মান্নাতের সামনেই সীমাবদ্ধ ছিল না। তাকে ঘিরে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় তারকার জন্মদিন উদ্যাপন করেন। ভক্তদের ভিড় সামলাতে মান্নাতের বাইরে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা।
এবারের জন্মদিনের উদ্যাপনে বাড়তি মাত্রা যোগ করেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।
মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও ছিল জন্মদিন ও নতুন সিনেমাকে ঘিরে নানা বার্তা। কোথাও লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’, কোথাও ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। আরেকটি পোস্টারে লেখা ছিল, ‘কিং একাই যথেষ্ট’।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন শাহরুখ। ৬১ বছরে পা দিলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা ও উন্মাদনা যে কমেনি, মান্নাতের সামনে হাজারো মানুষের উপস্থিতি যেন তারই প্রমাণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









