আজ ২ নভেম্বর ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে ‘বিআরএফ ইয়ুথ ক্লাব, চবি শাখা’।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পরিচালিত হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, "স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান একটি মহৎ মানবিক কাজ। তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের জীবন বাঁচাতে রক্তদানের বিকল্প নেই, আর এই মহৎকাজে চবির শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।"
কর্মসূচিতে উপস্থিত থেকে বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তৌহিদ সাদিক ফাহিম বলেন, "নিজের রক্তের গ্রুপ জানা প্রতিটি সচেতন নাগরিকের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি আরও বেশি প্রয়োজন। যেকোনো জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে এমন উদ্যোগ তরুণদের মাঝে সেবামূলক মানসিকতা তৈরি করতে বড় ভূমিকা রাখছে।"
সংগঠনটির এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। দিনব্যাপী এই কার্যক্রমে চবির বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









