লক্ষ্মীপুরে ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া সদর উপজেলার কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত চাইলেও ১৩ দিন ধরে নানা অজুহাতে সেটি ফেরত দেওয়া হয়নি।
রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে মোটরসাইকেলটি আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিল হোসেনের কাছে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফুল ইসলাম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









