ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকাসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ফের বন্ধ ঘোষণা করেছে।
এদিকে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









