বর্তমানে শ্রমিক আন্দোলনের নামে যারা সহিংসতা চালাচ্ছে, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এখন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের দাবি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সাম্প্রতিক ঘটনায় মুখোশধারী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হওয়ার কথা রয়েছে। তা না হলে খুব অল্প সময়ের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে দেখতে বলা হয়েছে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা হবে। তাই এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই।
মালিকপক্ষের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিল্প মালিকদের সরকারের পাশে থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। মালিকপক্ষও সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিছু শিল্প মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখেছেন বলে তারা জানিয়েছেন। এ ধরনের কারখানার তালিকা সরকারের কাছে দিতে বলা হয়েছে।
এ ছাড়া শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন এমন শ্রমিক নেতা ও সংগঠনগুলোর নামের তালিকাও মালিকপক্ষের কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না বলে সরকার বিশ্বাস করে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









