চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন পোশাকশিল্পের শ্রমিক নেতারা।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পোশাকশিল্পের মালিকপক্ষের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হওয়ার কথা রয়েছে। তা সম্ভব না হলে খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে দেখতে বলা হয়েছে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মালিকপক্ষের সঙ্গে বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্প মালিকদের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিছু শিল্প মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখেছেন বলে মালিকপক্ষ জানিয়েছে। এ ধরনের কারখানার তালিকা সরকারের কাছে দিতে বলা হয়েছে।
এ ছাড়া শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন এমন কিছু শ্রমিক নেতা ও সংগঠনের নামের তালিকাও মালিকপক্ষের কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না বলে সরকার বিশ্বাস করে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









