পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বী।
কলেজের অধ্যক্ষ মো. আজীম-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য এস এম ফেরদৌস রুম্মান ও এ কে এম নিজামুল কবির মিরাজ।
অনুষ্ঠানের শুরুতেই এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় ও পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসারে মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের এই ধারাবাহিক সাফল্য পুরো পিরোজপুর জেলার জন্য এক বিরাট গৌরবের বিষয়। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের নিজেদের নয় বরং পুরো অঞ্চলের শিক্ষা ব্যবস্থার জন্য এক অনন্য মাইলফলক।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা শিক্ষার্থীদের আগামী দিনের উচ্চশিক্ষা ও পথচলায় আরও বেশি আত্মবিশ্বাসী ও উদ্দীপ্ত করবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









