শারীরিক প্রতিবন্ধকতা ও অসুস্থতাকে জয় করে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সাকিরুল ইসলাম (১৮)। তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও খরচের জন্য তিনি সাকিরুলকে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাকিরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও। এ সময় তার হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
সাকিরুল বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ছালেহিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই তিনি এবারের আলিম পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে একাধিকবার অসুস্থ হয়ে পড়লেও মনোবল হারাননি। সব পরীক্ষা শেষ করে অর্জন করেন কাঙ্ক্ষিত জিপিএ-৫।
এর আগে দাখিল পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছিলেন সাকিরুল। তখনই পরবর্তী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংকল্প করেন তিনি।
সাকিরুলের বাড়ি বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ এলাকার প্যাদা বাড়িতে। তার বাবা মাওলানা মো. মোশাররফ হোসাইন স্থানীয় একটি মাদরাসার শিক্ষক এবং মা সাকিরা বেগম গৃহিণী।
ইউএনও সালেহ আহমেদ বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সাকিরুলের এ সাফল্য প্রশংসনীয়। তিনি আশা করেন, মনোবল ধরে রেখে সাকিরুল ভবিষ্যতে আরও ভালো করবে।
সাকিরুল বলেন, ইউএনও তাকে ফুল দিয়ে সংবর্ধনা ও ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এ জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









