ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় জুঁথি আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী শিশুসন্তান জায়ান আহমেদ আহত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পৌর এলাকার পীরবাড়িতে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুসন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নিহত জুঁথি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সি অফিস এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









