কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আলমপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আজাহার প্রামানিক (৬০), তার স্ত্রী বানু বেগম (৫০), মেয়ে মুক্তা খাতুন (২২), ছেলে মানিক প্রামানিক (৪৬), বিপ্লব প্রামানিক (২৬) ও জামাতা ছৈয়প আলী (৩০)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে আজাহার প্রামানিকের লোকজন বেড়া দিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
হাসপাতালে চিকিৎসাধীন আজাহার আলী অভিযোগ করেন, আব্দুল রাজ্জাকের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। তবে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাকের দাবি, তাঁদের জমি জোর করে মাপার চেষ্টা করলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









