নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অমিও দাস (৬০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, এর আগে ভোর ৪টার দিকে বাড়ি থেকে হেঁটে চায়ের দোকানে যাওয়ার পথে উপজেলার বিহারকোল বাজারে পেছন থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অমিও দাস বিহারকোল মহল্লার মৃত কার্তিক সরকারের ছেলে। তিনি বিহারকোল বাজারে চায়ের দোকান চালাতেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় অমিও দাসের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে রাজশাহীর সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো বার্তা আসেনি। বার্তা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









