পটুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শীলার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নিজ বসতঘর থেকে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা হলেও স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। তারা ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
পরে নিহতের ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাসেল মাহমুদ বয়াতী, তার চাচাতো ভাই সোহান বয়াতীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের এক দিনের মাথায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করা হলো।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, এসআরবি-১০-এর একটি দল অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। তাকে রাঙ্গাবালী থানায় আনতে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









