যশোরের বেনাপোলে ট্রাকের ধাক্কায় পাঁচ বছর বয়সী শিশু শিক্ষার্থী মরিয়ম আক্তার প্রীতির পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৪ নভেম্বর) সকালে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে এনামুল হাসান বিন নুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহত মরিয়ম আক্তার প্রীতি কাগমারী গ্রামের মাসুদ রানার মেয়ে। সে ওই মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে ইজিবাইকে করে কাগজপুকুর বাজারে এসে নামার পর রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় দ্রুতগতির একটি অক্সিজেনবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং ট্রাকটি আটক করেন। দুর্ঘটনায় শিশুটির একটি পা কেটে ফেলতে হয়েছে। বর্তমানে সে যশোরের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় দায়ী ট্রাকচালক মো. বাবুল মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, ট্রাকচালক বাবুল মৃধাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









