দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন চারজন। সব মিলিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্ত ৫৮ হাজার ২৮৪ জন এবং মৃত্যু ২১২ জনে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বিভাগে মোট আক্রান্ত ২০ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু ৪৩ জন।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্ত ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ৮২ জনে পৌঁছেছে।
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বিভাগে মোট আক্রান্ত ১১ হাজার ৫২ জন এবং মৃত্যু ২৯ জন।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১২ জনে এবং মৃত্যুর সংখ্যা ৩০ জনে।
অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৯১২ জন এবং মৃত্যু হয়েছে চারজনের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









