সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের ছেলে বিল্লাল মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় বিল্লালকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রুস্তম আলী বিল্লালকে ‘পাগল’ বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বুধবার সকালে বিল্লালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রুস্তম আলীর ওপর ধারালো বটি-দা দিয়ে হামলা চালানো হয়। এতে মাথা, গলা ও পেটে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বিল্লালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্লাল মিয়াকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









