নীলফামারীর সৈয়দপুর শহরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রুনা লায়লা (৪৭) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের উত্তরে বস্তি-সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক। তারা শহরের হাজী কলোনি এলাকায় বসবাস করতেন।
আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, রুনা লায়লার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও শিক্ষকসমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি কী কারণে পার্বতীপুরে গিয়েছিলেন, তা তাদের জানা নেই।
এদিকে, ছেলের এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে একটি সূত্র দাবি করেছে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা আন্তনগর ট্রেনে কাটা পড়ে ওই শিক্ষিকার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









