কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল দশটা এবং দুপুর ১২টায় পৃথকভাবে মানববন্ধন করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার নার্স সদস্যরা।
এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘দায়িত্ব পালনরত অবস্থায় একজন নার্সের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ধরনের ঘটনা নার্সদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং চিকিৎসাসেবার পরিবেশকে বাধাগ্রস্ত করে।’’
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বলেন, ‘‘একজন নার্সের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো নার্স সমাজের নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’’
মানববন্ধনে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মতিন, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মণ ও সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী সরকার প্রমুখ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বিকেলে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নার্স রিমা আক্তারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের এক নিরাপত্তাকর্মীও আহত হন বলে অভিযোগ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









