ভুয়া ওয়ারিশান কাগজপত্র ব্যবহার করে জমির নামজারি (খারিজ) করানোর অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাদের থানায় পাঠানো হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা ভূমি অফিসে মিস কেসের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া গ্রামের আরাফাত হোসেন ও ফজলার রহমান।
জানা যায়, জমির নামজারির জন্য দাখিল করা ওয়ারিশান কাগজপত্র যাচাইয়ের সময় সেগুলো জাল বলে অভিযোগ ওঠে। পরে শুনানিতে জাল কাগজ প্রদর্শনের অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ তাদের আটক করে থানায় পাঠান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর নবী জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









