গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে রাঙামাটিতে মিছিল ও পথসভা করেছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সংগঠনটির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
বিকেল ৪টার দিকে শহরের কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পুলিশ বক্স এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ইনকিলাব মঞ্চের সভাপতি আবদুল্লাহ আল জাবের বলেন, অতীতে গুম, খুন ও হত্যার যে রাজনীতি চলেছে, বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে জাবের বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ন্যায্য দাবিতে আন্দোলনে নামলে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। রিকশাচালক, ভ্যানচালক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ যেন সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিও জানান তিনি।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্য আদনান, হাদির পাঠশালার আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম ও সদস্যসচিব বুলবুল হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









