ঢাকা থেকে বাগেরহাটের মোংলার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা হন বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলা যাচ্ছেন। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনা যাবেন এবং জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। বিকালে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।”
নতুন কুঁড়ি স্পোর্টস হচ্ছে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার উদ্যোগ।
কর্মসূচি: সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্টমেন্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে যোগদান। সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজ উদ্বোধন।
মোংলা বন্দর থেকে সড়কপথে বেলা সোয়া ১১টায় বাগেরহাট সদরে হযরত খান জাহান আলীর মাজারের উদ্দেশে যাত্রা। বেলা ১২টা ৪৫ মিনিটে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত।
দুপুর সোয়া ১টায় সড়কপথে খুলনার উদ্দেশে রওনা। সোয়া ২টায় খুলনা সার্কিট হাউজে যাত্রাবিরতি। বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান।
বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা এবং ৫টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ২২ অক্টোবর প্রথমবার খুলনা ও বাগেরহাট সফর করেন তারেক রহমান। সেযাত্রায় তিনি সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









