রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবন অর্থাৎ ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, রাত ১১টার পরে দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
এর আগে, গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
এ ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তার শরীরে স্প্লিন্টার আঘাত করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









