সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১টায় উপজেলার যাদবপুর ফুলবাড়িয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় পিপিলিকা ইয়ুথ টিমের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহায়তায় এ আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সাইবার অপরাধের ধরন, শিক্ষার্থীদের সাইবার ঝুঁকি, ঝুঁকি মোকাবিলার উপায়, অপরাধের কুফল ও আইনগত দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন। মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুজ্জামান এবং একশনএইড বাংলাদেশ, এলআরপি-৫৪ শ্যামনগরের প্রোগ্রাম অফিসার মো. ফারুকুজ্জামান।
পিপিলিকা ইয়ুথ টিমের সভাপতি আল শাহারিয়া রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি মাসুদ রানাসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সাইবার অপরাধবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









