শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর অংশ হিসেবে রাজশাহীর চারঘাটেও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে।
এ উপলক্ষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফায়সাল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা।

আয়োজকেরা জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









