“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই স্লোগানকে সামনে রেখে দেশের তরুণ খেলোয়াড়দের ভবিষ্যৎ সুনিশ্চিতকরণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত দেশব্যাপী মেগা টুর্নামেন্ট নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনী ঘোষণাকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এক প্রাণবন্ত, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় আয়োজনে স্টেডিয়াম প্রাঙ্গণ ক্রীড়াপ্রেমী তরুণ ও উৎসুক জনতার পদচারণায় মুখর হয়ে ওঠে। পরে বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দীন, জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূলের তরুণরা কেবল তাদের ক্রীড়াপ্রতিভা বিকাশের সুযোগই পাবে না, বরং খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সামাজিক নিরাপত্তা ফিরে পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









