নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোর স্টেডিয়ামে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত এবং যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিশু-কিশোর, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









