বাগেরহাটের শরণখোলায় মায়ের সঙ্গে অভিমান করে লতিকা হেলেন পিংকি (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনা ঘটে। তিনি শরণখোলা সরকারি কলেজের শিক্ষার্থী এবং উপজেলার রাজাপুর গ্রামের আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চশিক্ষার জন্য ঢাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন পিংকি। তবে পারিবারিক আর্থিক সংকটের কারণে তাঁর মা ঢাকায় পড়াশোনার বিষয়ে আপত্তি জানান। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান থেকে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তরুণী এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









