শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং সবুজে ঘেরা সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন-সারথি’র মোড়ক উন্মোচন ও তালবীজ রোপণ কর্মসূচি।
‘জ্ঞান-প্রদীপ শিখা জ্বালাতে, সবুজে ঘেরা সুন্দর আগামী বিনির্মাণের প্রত্যয়ে’ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাব, মাগুরা জেলা শাখার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ আলী আহমেদ।
প্রয়াত প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী ফয়জুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।
আলোচনায় অংশ নেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি আলহাজ আলী আহমেদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ওলি রহমান, প্রকৃতি ও জীবন ক্লাবের ঢাকা জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মো. শাহাদৎ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যরা।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি প্রয়াত প্রধান শিক্ষক কাজী ফয়জুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘স্বপ্ন-সারথি’র মোড়ক উন্মোচন করেন।
পরে প্রকৃতি ও জীবন ক্লাব, মাগুরা জেলা শাখার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে তালবীজ রোপণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাব, মাগুরা জেলা শাখা পুরো জেলায় মোট ৩ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব, ঢাকা জেলা শাখার সহসভাপতি মো. মেরাজ হোসেন, সম্পাদক নাহিদ পারভীন নিপা, শাহীন আলম শাওন এবং প্রকৃতি ও জীবন ক্লাব, মাগুরা জেলা শাখার আহ্বায়ক শামীম খানসহ সংগঠনের অন্যান্য সদস্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









