দেশের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সেনাসদস্য তিতাস শেখ। তাঁর মৃত্যুতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত হন সেনাসদস্য তিতাস শেখ। শুক্রবার সকালে তাঁর গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
ছেলেকে হারিয়ে মা রেখা বেগমের আহাজারি থামছে না। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে প্রিয় সন্তানকে হারিয়ে বাবা আফজাল শেখ নির্বাক। চোখের পানি ছাড়া যেন প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।
চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিতাস শেখ। চার বছরের দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান হয়নি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই একটি বুলেট থামিয়ে দিল তাঁর জীবনের পথচলা।
তিতাসের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিতাস শেখের মরদেহ রামুতে ছিল। মরদেহ আনতে সেখানে গেছেন তাঁর ছোট ভাই। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









