গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (নং-৯৪২৩/২৬) নামে এক হত্যা মামলার হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কারাগারের শৌচাগারে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কারারক্ষীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাবন্দি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় রাজুকে ঝুলতে দেখা যায়। পরে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যু-সংক্রান্ত সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘হ্যাংগিং’ উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









