জাতীয়তাবাদের রাজনীতি একসময় বিশাল নদীর মতো ছিল, কিন্তু এখন সেখানে চর পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিমানবন্দরকাণ্ডে কারামুক্ত মেজর (অব.) আক্তারুজ্জামান।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, “আমি ৪০ বছর জাতীয়তাবাদের বিশাল নদীতে রাজনীতি করেছি। কিন্তু সেখানে এখন চর পড়ে গেছে। সময়ের বাঁকে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থেই আমাকে রাজনৈতিক গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এখন আমি এক মহান নদীর স্রোতে এসে যুক্ত হয়েছি, যার নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমরা আমাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবই। সত্য, ইনসাফ ও ন্যায়ের জয় হবেই।”
বিমানবন্দরকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রয়োজনে আমি হিমালয় ডিঙাতেও পিছপা হব না। আমার সব কাজের প্রধান অনুপ্রেরণা মহান আল্লাহ তাআলা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে অবশ্যই আল্লাহর সাহায্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রয়োজন।”
কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের সাবেক সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









