পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে।
নিহত সাজ্জাদ হোসেন বোদা উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন।
দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন জীবন ইসলাম (৩৫) ও সাব্বির হোসেন (১৭)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









