বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা মারাত্মক রূপ নিয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন চতুর্থ। তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি। রাজধানী ঢাকার বাতাসে দূষণকারী সূক্ষ্ম কণার পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে বহুগুণ বেশি হওয়ায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো ১৯৬, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৫২৯। এছাড়া ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর।
২৩৬ ও ১৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে তৃতীয় ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা এবং আফগানিস্তানের কাবুল। এই দুটি শহরের স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ৫২৯-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









